সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে উপজেলার ১১৮ জন গ্রাম পুলিশের মধ্যে গাছের চারা বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাই মিনুল ইসলাম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ ও শেখ শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় সরকারি সেবার মান উন্নয়ন, দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা এবং কর্মক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক সরকারি কর্মকর্তাদের জনসেবাকে অগ্রাধিকার দিয়ে আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
The post কালিহাতীতে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান ডিসির appeared first on ভোরের চেতনা.
