মাগুরার সদর উপজেলার রামনগর ঠাকুরবাড়ি এলাকায় মাগুরা-ফরিদপুর মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ শেখ মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। আহত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সদরপুর গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি মোটরসাইকেল মাগুরা থেকে ওয়াবদা এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে রামনগর ঠাকুরবাড়ি এলাকায় সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামনগর হাইওয়ে থানার সার্জেন্ট গৌরব জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুটি হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
