ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধনাশী গ্রামে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করেছেন তরুণ উদ্যোক্তা সজিব ভূঁইয়া। ২০২৫ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ চাষ শুরু করেন তিনি। বর্তমানে তাঁর খামারে থোকায় থোকায় ঝুলছে হাজারো মাশরুম। এই উদ্যোগকে কেন্দ্র করে বড় পরিসরে প্রকল্প গড়ে তোলার স্বপ্ন দেখছেন সজিব।
খামারি সজিব ভূঁইয়া জানান, দীর্ঘ এক যুগ ধরে নতুন কিছু করার স্বপ্ন দেখছিলেন তিনি। বর্তমানে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। দেশের বাজারে মাশরুমের ভালো চাহিদা ও কদর থাকায় এটি একটি লাভজনক চাষ। মাশরুমের স্বাদ অনেকটা মাংসের মতো। পাশাপাশি এর পুষ্টিগুণ ও উপকারিতা অনেক। বিশেষ করে উচ্চবিলাসী মানুষের কাছেও এটি পছন্দের খাবার।
তিনি জানান, গ্রামাঞ্চলে বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদনের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা, চট্টগ্রামসহ দেশের নামীদামি রেস্তোরাঁয়ও সরবরাহ করা হচ্ছে এসব মাশরুম। মাশরুম চাষের পর অবশিষ্ট বর্জ্য থেকে তৈরি করা যায় জৈব সার, যা কৃষিজমিতে ব্যবহার করা সম্ভব। এতে কৃষকেরাও উপকৃত হন।
তবে গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের কারণে মাশরুম চাষে কিছুটা আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। অন্যদিকে শীত মৌসুমে এ চাষে ভালো ফলন পাওয়া যায়।
সজিব ভূঁইয়া বাংলাদেশের আলোকে বলেন, মাশরুম চাষের মাধ্যমে তিনি যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, তেমনি তাঁর খামারে নিম্ন আয়ের পরিবারের ৮ থেকে ১০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
এই তরুণ উদ্যোক্তা বলেন, আগে গ্রামাঞ্চলে মাশরুম চাষের প্রচলন তেমন দেখা যেত না। তবে বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষিত বেকার তরুণদের আগ্রহে এ চাষ ছড়িয়ে পড়ছে। কৃষি বিভাগের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা বাড়লে দেশের বেকার তরুণেরা মাশরুম চাষে আরও বেশি আগ্রহী হবেন বলে মনে করেন তিনি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বাংলাদেশের আলোকে বলেন, ‘মাশরুম চাষ অবশ্যই লাভজনক। এটি অত্যন্ত পুষ্টিকর এবং এতে চর্বির পরিমাণ কম। ডায়াবেটিস, হৃদ্রোগ ও মস্তিষ্কের জন্যও এটি বেশ উপযোগী। মাশরুম দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায়। এসব খাবার জনপ্রিয় করতে আমরা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি।
‘মাশরুম উৎপাদনে ব্যবহৃত স্পন (প্রতিটি ৫০০ গ্রাম থেকে ১ কেজি) মৌসুম শেষে আর কাজে লাগে না। তাই সজিবের খামারে থাকা প্রায় ৪ হাজার ৫০০টি স্পন ব্যবহার করে ট্রাইকোডার্মা জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সার মাটির উৎপাদনশীলতা বাড়াবে এবং ফসলের মাটিবাহিত রোগ দমনে ভূমিকা রাখবে। এতে সজিব আরও লাভবান হবেন। পাশাপাশি এলাকার কৃষকদের জন্য জৈব সার পাওয়া সহজ হবে।
‘মাশরুমের একটি নির্দিষ্ট ভোক্তাশ্রেণি রয়েছে। এর চাষ আরও সম্প্রসারণ করা গেলে ভোক্তা, উদ্যোক্তা এবং সর্বোপরি জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’