ছবি: প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে শোডাউন করেছেন ঢাকা মহানগর উত্তর রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান কামাল আহমেদ দুলু। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দেন। নেতাকর্মীদের হাতে শত শত জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়।
প্রাসঙ্গিক সংবাদ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১১টায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা।
ঢাকা মহানগর উত্তর রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যুবদল প্রতিষ্ঠা করেন। বিগত ১৭ বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে ছিল। আগামী দিনেও দেশ গঠনে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।

১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া ছাড়াও দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম রয়েছে।
পাশাপাশি ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী আলোচনা সভা, র্যালি, সমাবেশ, রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
মাতৃভূমির খবর
- বিষয়:
- যুবদল
- প্রতিষ্ঠাবার্ষিকী

