ট্রেনে করে নরসিংদী থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ হয়েছে যাত্রীদের। ঢাকা থেকে নরসিংদী সহ আরও বেশ কয়েকটি স্টেশন হয়ে সরাসরি মহানগর এক্সপ্রেস প্রথমবারের মতো যাত্রা করেছে কক্সবাজারের উদ্দেশ্যে।
রাত ১০ টার দিকে নরসিংদী রেলস্টেশনে উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (হাবিব) ।
এর আগে, ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার ট্রেন থাকলেও ভোগান্তিতে ছিল নরসিংদীর হাজারো পর্যটক। সেই ভোগান্তি কেটে গিয়ে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস নরসিংদীতে যাত্রাবিরতি দেয়ায় খুশি রেল ভ্রমণে আগ্রহীরা। এদিকে, যাত্রাবিরতি উপলক্ষে নরসিংদী রেলস্টেশনের প্লাটফর্মে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা৷ অনুষ্ঠানে রেলপ্রতিমন্ত্রী ছাড়াও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, নরসিংদী ৩ আসনের এমপি মনজুর এলাহি, পৌরসভা নাগরিক অধিকার পরিষদের সভাপতি মাহমুদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান নাহিদ খোকন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
