Published on
:
2 min read
চার বছর পরে ভারতের জাতীয় দলে প্রত্যাবর্তন। IPL-এ দারুণ পারফরম্যান্সের পরে প্রত্যাশার চাপও বাড়ছিল। কিন্তু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দুই ম্যাচে নিজের সেরা ছন্দে দেখা যায়নি ভুবনেশ্বর কুমারকে। দুই ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন, রান খরচ করেছেন প্রচুর। তৃতীয় ম্যাচে তাঁর দলে থাকা নিয়ে উঠছে প্রশ্ন। এমন আবহে অভিজ্ঞ এই পেসারের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। ভুবিকে বিশেষ বার্তাও দিয়েছেন। কী বললেন তিনি?
কিউয়িদের বিরুদ্ধে নজর কাড়তে ব্যর্থ ভুবনেশ্বর কুমার
৩৬ বছর বয়সি ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন ঘিরে ভারতীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল। IPL ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে যৌথ ভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক হয়েছিলেন এই পেসার। কিন্তু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৪৯ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে ৫০ রান দিয়ে নেন মাত্র একটি উইকেট।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজের ছন্দ খুঁজে পাওয়ার জন্য ভুবনেশ্বরকে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন, এমনটাই মনে করছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।
ভুবনেশ্বরকে কী বার্তা মর্কেলের?
ভুবনেশ্বরের উপর প্রত্যাশার চাপ যে থাকবে, তা মেনে নিয়েছেন মর্কেল। এই নিয়ে তাঁর বক্তব্য, ‘চার বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থাকবেই। IPL-এ অসাধারণ বোলিং করেছিল ভুবনেশ্বর। কিন্তু প্রত্যাশার চাপ এক পাশে সরিয়ে রাখা প্রয়োজন।’
মর্কেলের মতে, IPL-এ ভালো খেলা এবং জাতীয় দলের হয়ে পারফর্ম করার মধ্যে পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক স্তরে সামান্য ভুলেরও বড় মূল্য চোকাতে হয় হয়। শুধু তাই নয়, ঠাসা সূচির কারণে ভারতীয় দলে ফেরার আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময়ও পাননি ভুবি।
সে কারণে, বাড়তি চাপ না নিয়ে নিজের মতো খেলার পরামর্শ দিয়েছেন মর্নি মর্কেল। ভারতের বোলিং কোচ বললেন, ‘ভুবনেশ্বরের দক্ষতা রয়েছে, অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু দিনের শেষে ক্রিকেটকে সম্মান করতে হবে। কয়েকটি ম্যাচে ওকে ছন্দে ফেরার সুযোগ দিতে হবে। তাই ভুবিকে বলেছিলাম, কোনও কিছুর পিছনে ছুটতে হবে না। নিজের মতো থাকো। প্রত্যাশা থাকবেই, তবে বাইরের আলোচনা নিয়ে ভাবার দরকার নেই।’
মর্কেলের বার্তায় স্পষ্ট, ভুবির অভিজ্ঞতা ও দক্ষতার উপর আস্থা রয়েছে টিম ম্যানেজমেন্টের। এখন দেখার, পরের ম্যাচগুলিতে নিজের ছন্দে ফিরে সমালোচনার জবাব দিতে পারেন কি না তিনি।
