চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মোবাইল ফোনের বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার টাকা।
আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মনোহরপুর বিওপির একটি টহল দল।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে চোরাই পথে আনা ১৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার টাকা।
জব্দ করা মোবাইল ফোনগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
