- ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
ওয়েলিংটন: বুলেটপ্রুফ প্ল্যান! ওয়ার্কলোড কমিয়ে যশপ্রীত বুমরাহ সহ ভারতীয় পেসারদের কার্যকারিতা বাড়াতে এমনই ভাবনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ, পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ ও দু’টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। রয়েছে ভারত ‘এ’ দলের তিনটি বেসরকারি টেস্টও। এজন্য একগুচ্ছ পেসারকে তৈরি রাখতে চাইছে দল। বোলিং কোচ মর্নি মর্কেল সোমবার প্রচারমাধ্যমের সামনে বলেন, ‘ঠাসা সূচির জন্য আমরা বোলারদের একটা গ্রুপ তৈরি রাখতে চাইছি। যত সফর এগবে, তত বুঝতে পারব কোন কন্ডিশনে কোন বোলার বেশি কার্যকরী হচ্ছে। কাগজে কলমে আমাদের দলে সবরকম কন্ডিশনের জন্য উপযুক্ত বোলার রয়েছে। এই তালিকায় অবশ্যই অর্শদীপ সিং পড়ছে। ও প্রচণ্ড পরিশ্রমী। সাফল্য পাওয়ার সব উপাদান রয়েছে ওর মধ্যে। প্রয়োজনে লাল বলের ক্রিকেটেও মানিয়ে নেবে ও।’
২৯ নভেম্বর শুরু কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এর ঠিক চার দিন আগে রয়েছে ওডিআই সিরিজের শেষ ম্যাচ। তারও আগে টি-২০ সিরিজে খেলছেন অর্শদীপরা। টানা খেলার জন্যই পেসারদের সবাইকে প্রস্তুত রাখা হচ্ছে। কাউকে দেশে ফেরানো হচ্ছে না। মর্কেলের কথায়, ‘বোলিংয়ের ক্ষেত্রে টিম কী চাইছে, তা প্রত্যেককে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, ‘এ’ দলের হয়ে লাল বলের ক্রিকেটেও অংশ নিচ্ছে জনাকয়েক পেসার।’ একদিনের সিরিজ চলাকালীন বোলারদের রোটেশন করা হবে বলে জানিয়েছেন মর্কেল। টেস্ট সিরিজের আগে বোলাররা সবাই যাতে ম্যাচ প্র্যাকটিস পায়, সেদিকেই নজর টিম ম্যানেজমেন্টের।
