খুলনা মহানগরীতে সালমান (২৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নিরালা ১৭ নং রোডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত সালমান ১৬ নং রোডের জাহাঙ্গীরের ছেলে। পেশায় তিনি একটি সিগারেট কোম্পানির কর্মচারী।
স্থানীয়রা জানান, নগরীর নিরালা ১৭ নং রোডে সিগারেট কোম্পানির অফিসের সামনে কাজ করছিলেন সালমান। এ সময়ে একটি মোটরসাইকেল যোগে তিন জন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরবর্তীতে তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেন তারা। এরপর তারা ব্যাগ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ব্যাগের ভেতরে টাকা আছে এমন ভেবে তাকে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিন্তু কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
মোহাম্মদ মিলন/আরএআর
