ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ী রবিন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট পোশাক কারখানার সামনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সাদ্দাম হোসেন সেলুনে ঢুকে রবিন্দ্র ঋষিকে ছুরিকাঘাত করে। রবিন্দ্র প্রাণে বাঁচতে পাশেই সাদ্দামের বাবা বাবুলের দোকানে আশ্রয় নেয়। সেখানেই উপর্যুপরি ছুরিকাঘাতে রবিন্দ্রকে হত্যা করে পালিয়ে যায় সাদ্দাম।
নিহতের স্ত্রী সূচিত্রা বলেন, সাদ্দাম নেশা করার জন্য প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন এবং মাগনা (বিনামূল্যে) চুল কাটাতেন। আমার স্বামী ভয়ে তাকে টাকা দিতেন এবং চুল কেটে দিতেন। কিন্তু কয়েকদিন আগে আমার স্বামী তাকে টাকা দেওয়া ও মাগনা চুল কাটা বন্ধ করে দেয়। এ নিয়ে আমার স্বামীর সঙ্গে সাদ্দামের বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জেরে সাদ্দাম আমার স্বামীকে হত্যা করেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল যায়। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ
২১ অক্টোবর ২০২৬
০৪ অক্টোবর ২০২৬
২৪ সেপ্টেম্বর ২০২৬
