বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের উত্তেজনা ক্রমশ বাড়ছে। এবার ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা। হাতে বন্দুক, মুখে গোলাপ—শাহরুখের এই নতুন লুকের সঙ্গে প্রকাশিত একটি ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। তবে কি ভয়ংকর এক চরিত্রের আড়ালে লুকিয়ে রয়েছে প্রেমিকের গল্প?
মঙ্গলবার সকালে ‘কিং’ সিনেমায় শাহরুখের নতুন পোস্টার প্রকাশ করেন নির্মাতারা। সেখানে ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, ‘কাতিল নেহি... আশিক হ্যায়।’ বাংলায় যার অর্থ, ‘খুনি নন, প্রেমিক’। এই কথাগুলো সামনে আসতেই শাহরুখের পুরোনো সিনেমা ‘বাদশাহ’র জনপ্রিয় গানের স্মৃতি ফিরে এসেছে ভক্তদের মনে।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ সিনেমার নামসংগীতে ছিল, ‘আশিক হুঁ ম্যায়, কাতিল ভি হুঁ’। অর্থাৎ, ‘আমি প্রেমিক, আবার খুনিও’। নতুন পোস্টারের ক্যাপশনে সেই গানের কথার সঙ্গে মিল থাকায় অনেকেই মনে করছেন, পুরোনো স্মৃতিকে কাজে লাগিয়েই ‘কিং’-এর প্রচারে নতুন মাত্রা যোগ করছেন নির্মাতারা।
এর আগে গত বছরের নভেম্বরে ‘কিং’ সিনেমার নাম ঘোষণার ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানে শাহরুখকে দেখা যায় এক শক্তিশালী ও ভয়ংকর চরিত্রে। তাঁর সংলাপ, ‘শত দেশে বদনাম, দুনিয়া দিয়েছে শুধু একটাই নাম—কিং’, দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়ে দিয়েছিল।
এক অনুষ্ঠানে নিজের চরিত্র নিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এই সিনেমায় তাঁকে অন্ধকার ও ধূসর বৈশিষ্ট্যের একটি চরিত্রে দেখা যাবে। গল্পের প্রয়োজনে এই চরিত্র নির্মম হয়ে উঠতে পারে, এমনকি মানুষ হত্যাও করতে পারে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও রাঘব জুয়েল। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এখন প্রশ্ন একটাই—‘কিং’-এ শাহরুখের প্রেমিকসত্তা বড় হয়ে উঠবে, নাকি পর্দা কাঁপাবে তাঁর ভয়ংকর রূপ? উত্তর মিলবে ছবি মুক্তির পরই।
