হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনায় পাহাড়ি টিলা কাটার প্রতিবাদ করায় বিএনপির পাঁচ নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।
সোমবার বিকেলে উপজেলার দেবপাড়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে ক্ষুব্ধ লোকজন প্রায় ৩০ মিনিট ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।
আন্দোলনকারীদের অভিযোগ, দিনারপুর পরগনায় পাহাড়ি টিলা কেটে পরিবেশের ক্ষতি করার প্রতিবাদ করায় দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল আহমদ, সাধারণ সম্পাদক মুরশেদ চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। তাঁরা মামলাটিকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
দিনারপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি ও পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদারের সভাপতিত্বে এবং ছাত্রনেতা মো. জাহির আলীর পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন স্পেন বিএনপির সহসভাপতি ছায়েদ আহমদ, কুর্শি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রাসেল, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান ধারা, গজনাইপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইসলাম এলাইছ, নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল আহমদ, সাধারণ সম্পাদক মুরশেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া সভায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ছাইদুর রহমান চুনু, কুর্শি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ শামসুল ইসলাম সুজন, ছাত্রদল নেতা ফয়জুর রহমান রুবেল, জিয়াউর রহমান, জুবায়ের আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ সভা শেষে ক্ষুব্ধ লোকজন ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে অবরোধের কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগের পরিস্থিতি তৈরি হয়।
