স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে নামছে এনসিপি!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতের সংকটের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর হলেও তিনি সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর মতে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না হলে তাঁর পদে থাকা উচিত নয়।
জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জ্বালানি খাতে যে বিপর্যয় তৈরি হয়েছে, তার দায় জ্বালানিমন্ত্রী এড়াতে পারেন না। এ পরিস্থিতিতে দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করছে এনসিপি।
সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন বিএনপির ভূমিকারও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়। এ সময় রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ড নিয়ে দলটির অবস্থান তুলে ধরেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ মেনে নেওয়া হবে না। এ ধরনের পরিকল্পনা করা হলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এনসিপির পক্ষ থেকে ঘোষিত শাহবাগের গণবিক্ষোভ কর্মসূচির তারিখ ও সময় সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
