কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে গ্যাসের মতো পদার্থের প্রবল প্রবাহ বের হওয়ার পর জ্বলে ওঠা আগুন ছয় ঘণ্টা ধরেও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল সাতটার দিকে শুরু হওয়া আগুন দুপুর তিনটা পর্যন্ত জ্বলছে। গ্যাসের প্রবাহের তীব্রতায় আগুন নেভানো সম্ভব হচ্ছে না। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ইনানী ছোট খালের উত্তর পাশে মোহাম্মদ আব্দুল্লাহর বাড়ির আঙিনায়। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। খনন প্রায় এক হাজার ফুট গভীরে পৌঁছানোর পর মঙ্গলবার সকালে হঠাৎ মাটির নিচ থেকে গ্যাসের মতো পদার্থ বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে আগুন ধরে যায়। এরপর থেকে অব্যাহতভাবে জ্বলছে আগুন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক মানুষ। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, সকাল সাতটার দিকে বাড়ির মালিক ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। গ্যাসের প্রবাহ তীব্র হওয়ায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুন যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ওই এলাকায় মানুষের বসতবাড়ি রয়েছে, পর্যটকদের যাতায়াতও আছে। তাই আগুনের বিস্তার ঠেকানো এবং আশপাশের মানুষকে সতর্ক রাখা জরুরি।
বাড়ির মালিক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আমার আঙিনায় কয়েক দিন ধরে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। মঙ্গলবার সকাল সাতটার দিকে শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখনো তা নেভানো সম্ভব হয়নি।’
প্রত্যক্ষদর্শী সিরাজ বলেন, ভোরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে আগুনের তীব্রতা আরও বাড়তে থাকে। বিচকর্মী বেলাল উদ্দিনও বলেন, আগুনের তাপমাত্রা বেড়েছে এবং পরিস্থিতি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
বন্ধ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন
আগুনের তীব্রতায় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ বলেন, ঘটনার পর থেকে তিনি ঘটনাস্থলে রয়েছেন। তখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঢাকা থেকে একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগুনের বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের নিচে তীব্র আগুন জ্বলতে থাকায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাপেক্সের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
The post ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ছয় ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
