ঢাকা: ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে ২০টি বিশেষ পরিবীক্ষণ টিমকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি বাসায় অপরিচ্ছন্ন পরিবেশ কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ফ্ল্যাটের বরাদ্দ বাতিল এবং নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা করার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
মীর শাহে আলম বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই সচেষ্ট। তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা পরিদর্শন করেছেন। কিন্তু বড় সরকারি কোয়ার্টার, অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা ও অবহেলার চিত্র পাওয়া গেছে।
পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কাজ করছেন। কোথাও অনিয়ম বা মশার লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং জরিমানা করতে হবে। সরকারি কর্মচারীরা নিজেদের কোয়ার্টার পরিচ্ছন্ন রাখতে না পারলে সরকারি বাসায় থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকার জলাধার ও সৌন্দর্য ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন করতে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলছে।
প্লাস্টিক ও লোহার ডাস্টবিন চুরি হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন স্থাপন করবে।
২০টি টিম সমন্বিতভাবে কাজ করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি কমিটি কাজ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০টি পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
