২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে প্রতিশ্রুত ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের প্রায় অর্ধেক ছাড় হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক দাতাদের ৬৬২ মিলিয়ন ডলার ঋণ ছাড় হয়েছে।
এই ছাড়ের পরিমাণ আগের বছরের একই সময়ে আসা ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের তুলনায় ৪২ শতাংশ কম।
ইআরডির তথ্যে দেখা গেছে, ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ছাড়া বেশিরভাগ ঋণদাতাই এ সময়ে কোনো অর্থায়নের প্রতিশ্রুতি দেয়নি।
গত মাসে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই করে সরকার।
দাতাদের মধ্যে জাপান জুলাই-সেপ্টেম্বর সময়ে ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) সর্বোচ্চ ১৯৬ মিলিয়ন ডলার দিয়েছে। এরপর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১১৮ মিলিয়ন ডলার এবং ভারত ১০৫ মিলিয়ন ডলার ছাড় করেছে বলে ইআরডি জানিয়েছে।
তবে, জুলাই-সেপ্টেম্বরে ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট বৈদেশিক অর্থায়ন হয়েছিল ৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৮ দশমিক ৫৭ বিলিয়ন ডলারের চেয়ে কম।
একই মেয়াদে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ঋণ শোধ করা হয়েছিল, যা আগের বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি ছিল।
