প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আবারও সরব হয়ে উঠেছে ভারতের আসাম। এবার শিল্পীর মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের উদ্যোগ নিয়েছে তিন রাজনৈতিক দল। কংগ্রেস, রাইজর দল ও অসম জাতীয় পরিষদ যৌথভাবে এই আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের।
ভারতীয় এক প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (২৫ অক্টোবর) আসামের সোনাপুরে জুবিন গার্গ ক্ষেত্র প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের সদস্য, শিল্পীর পরিবারের সদস্য ও অনুরাগীরা উপস্থিত ছিলেন।
রাইজর দলের বিধায়ক অখিল গগৈ জানান, জুবিনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে গোটা আসামে গণআন্দোলন গড়ে তোলা হবে। তাঁর অভিযোগ, এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিচার নিয়ে মানুষের অপেক্ষা শেষ হয়নি। তাই সরকারের ওপর জনমতের চাপ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে সীমাবদ্ধ থাকবে না।
এদিকে, মামলার অভিযুক্তদের জামিন নিয়েও আলোচনা শুরু হয়েছে। জনসভায় উপস্থিত গৌহাটি হাইকোর্টের আইনজীবী নেকিবুর জামান জানান, দীর্ঘ সময় হেফাজতে থাকার পর মামলার নথি পর্যালোচনা করে হাইকোর্ট দুজন অভিযুক্তকে জামিন দিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত ৯ অক্টোবর জুবিনের সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত জামিন পান। পরে অক্টোবরে তাঁর আত্মীয় সন্দীপন গার্গকেও জামিন দেয় গৌহাটি হাইকোর্ট।
জুবিনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবি ঘিরে এবার আসামে আন্দোলন কতটা বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর।
