সিবিআই দপ্তরে অভিযানের প্রচারে তাঁর নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে। অথচ ওই কর্মসূচির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এবার সেই বিষয়ে জোর বার্তা দিয়েছেন অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। অনুমতি ছাড়া তাঁর নাম-ছবি ব্যবহারে প্রচার চালানো হলে আইনি পদক্ষেপ করা হবে, জোর গলায় সেই বার্তা দিয়েছেন তিনি। আজ, সোমবার সামাজিক মাধ্যমে নিজের বক্তব্যের ভিডিও পোস্ট করে এই হুঁশিয়ারি তিনি।
তৃণমূল কংগ্রেস আমলে আর জি কর কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। সেইসময় হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছিল। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সাজা হয়েছে। তবে এখনও ওই ঘটনায় মেয়ের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে অনড় রয়েছেন রত্না। ঘটনার তদন্তে আর জি কর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষও গ্রেপ্তার হয়েছিলেন। পুজোর সময় সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে সন্দীপ জামিন পেয়েছেন।
সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে আগামী ১২ নভেম্বর সিবিআই দপ্তর অভিযানের ডাক দিয়েছে ‘ভয়েস অফ অভয়া’ ও ‘ভয়েস অফ উইমেন’। সেই কর্মসূচির প্রচারে ফেসবুক-সহ বিভিন্ন সমাজমাধ্যমে তাঁর নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রত্নার। এ নিয়ে হোয়াটসঅ্যাপ বার্তাও পেয়েছেন তিনি। তবে কর্মসূচির আয়োজন বা প্রচারের সঙ্গে তিনি যুক্ত নন। সেই কথা ভিডিওতে স্পষ্ট জানিয়েছেন পানিহাটির বিজেপি বিধায়ক। রত্নার কথায়, “আমার নাম ও ছবি ব্যবহার করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কর্মসূচি নিয়ে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের কাছে আবেদন জানিয়েছেন রত্না। যাচাই না করে কোনও বার্তা, ছবি বা তথ্য ছড়িয়ে না দেওয়ার অনুরোধও করেছেন তিনি। একই সঙ্গে আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে বিচারব্যবস্থা ও রাজ্য সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছেন অভয়ার মা।
