গবেষকেরা দ্রুত পচনশীল সামুদ্রিক প্লাস্টিক উদ্ভাবন করেছেন
টোকিও বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকরা এনজাইমযুক্ত এমন এক ধরনের প্লাস্টিক উদ্ভাবন করেছেন, যা সামুদ্রিক পরিবেশে বস্তুর পচন হারকে ত্বরান্বিত করে এবং এটি সমুদ্রতলে বর্জ্য জমা হওয়া রোধ করতে সাহায্য করতে পারে।
দলটি ব্যাখ্যা করেছে যে, তারা এই উপাদানটি তৈরি করেছে সেইসব ধীরগতির-পচনশীল প্লাস্টিক বর্জ্যের সমস্যা সমাধানের লক্ষ্যে, যা সমুদ্রে গিয়ে মেশে এবং সমুদ্রতলে ক্রমাগত বাড়তে থাকে।
গবেষকদলগুলোর মতে, নতুন এই উপাদানটি একধরনের জৈব-পচনশীল প্লাস্টিক, যার মূল বৈশিষ্ট্য হলো এতে পূর্ব থেকেই মিশ্রিত এনজাইম প্লাস্টিককে ভেঙে পচাতে সাহায্য করে।
তারা ব্যাখ্যা করেছে, এই প্লাস্টিকের উপরিভাগ পানির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই পচন প্রক্রিয়া শুরু হয়। টোকিওর নিকটবর্তী কানাগাওয়া উপকূলের সাড়ে ৭শ মিটারের বেশি গভীর সমুদ্রে ৫ মাস ফেলে রাখার পর এক পরীক্ষায় প্লাস্টিকটি পুরোপুরি পচে বা বিনষ্ট হয়ে গেছে বলে তারা নিশ্চিত করেছে।
গবেষকরা আরও দেখেছেন যে, পচনশীল এনজাইমবিহীন জৈব-পচনশীল প্লাস্টিক ব্যবহার করে করা একটি অনুরূপ পরীক্ষার তুলনায় নতুন প্লাস্টিকটি ৩০ গুণেরও বেশি দ্রুত পচে যায়।
দলটি বলছে, নতুন এই উপাদানটিতে আগে থেকেই এনজাইম মিশ্রিত থাকায় এটি সমুদ্রতলের নির্দিষ্ট ধরনের অণুজীবের উপর নির্ভর না করেই দ্রুত পচে যেতে পারে।