জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলকে রুখে দাঁড়াতে হবে। ষড়যন্ত্র মোকাবিলায় নাটোরের যুবদলকে রাজপথে থাকতে হবে।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, দেশের মানুষ গত ২০ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। এ সময় শত শত মানুষ প্রাণ দিয়েছেন। শহীদদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে।
তিনি বলেন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশের রাজনীতি, অর্থনীতি ও গণতন্ত্র পুনর্গঠনে সরকার নতুনভাবে কাজ শুরু করেছে।
দুলু অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্রে অবস্থানরত ফ্যাসিবাদের দোসররা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তার দাবি, অতীতে যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তারা নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ বলেন, তারেক রহমান দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় আন্দোলনের হুমকি দিয়ে গণতন্ত্রকে আবারও বিপন্ন করা উচিত নয়। ৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং ২৪ জুলাইসহ বিভিন্ন সময়ে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র যেন কোনোভাবেই বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ পাঁচ বছরের জন্য বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। বিএনপি যদি ভালো কাজ না করে, ভুল করে কিংবা মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়, তাহলে পাঁচ বছর পর নির্বাচনে জনগণ তার রায় দেবে।’
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
