বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর নতুন গান ‘মঙ্গল রং’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। গানটিতে ভগবান রামের গায়ে হলুদ লাগানোর মতো একটি দৃশ্য দেখা যাওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকে। দৃশ্যটিতে রামচন্দ্রের পাশে মা সীতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক; এটি কি রামের গায়ে হলুদের অনুষ্ঠান, নাকি রাজ্যাভিষেকের প্রস্তুতি?
রোববার প্রকাশিত গানটির সুর করেছেন এ আর রহমান। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। গানটি রাম ও সীতার ভালোবাসা এবং তাঁদের পবিত্র সম্পর্ককে কেন্দ্র করে তৈরি।
তবে গানের একটি দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত দেখা গেছে। একাংশের প্রশ্ন, বিয়ের আগে বরের গায়ে হলুদের অনুষ্ঠানে কনে কেন উপস্থিত থাকবেন? তাঁদের মতে, প্রচলিত হিন্দু বিয়ের অনেক রীতিতে বর ও কনের গায়ে হলুদের অনুষ্ঠান আলাদাভাবে হয়।
অন্যদিকে, অনেক দর্শকের দাবি, দৃশ্যটি গায়ে হলুদের নয়; বরং রামের রাজ্যাভিষেকের প্রস্তুতির অংশ। তাঁদের যুক্তি, রামায়ণের কাহিনিতে রাজ্যাভিষেকের আয়োজনের সময় সীতা ও রামের পোশাকের সঙ্গে গানের দৃশ্যের মিল রয়েছে। তাই পুরো প্রেক্ষাপট না জেনে দৃশ্যটিকে বিয়ের অনুষ্ঠান হিসেবে ব্যাখ্যা করা ঠিক নয় বলেও মত দিয়েছেন তাঁরা।
নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করেছেন। আরও রয়েছেন যশ, সানি দেওল, রবি দুবে, লারা দত্ত ও রাকুল প্রীত সিং।
সিনেমাটি ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নতুন গান ঘিরে বিতর্ক ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। তবে আলোচিত দৃশ্যটি আসলে কোন ঘটনার, তা নিশ্চিতভাবে জানতে সিনেমার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট দেখার অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।
