আইপিএল ২০২৭ আসরকে সামনে রেখে নতুন কোচিং স্টাফ সাজাচ্ছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। জহির খানের নেতৃত্বাধীন নতুন কোচিং প্যানেলে সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেল। ৫টি শিরোপাজয়ী সিএসকে তাদের সাফল্য ধরে রাখার লক্ষ্যেই এই নতুন কোচিং টিম গঠন করল।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকেই সিএসকে পরিবারের সঙ্গে গভীরভাবে যুক্ত মরকেল। ২০১৩ সাল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে মোট ৯২টি ম্যাচ খেলেছেন তিনি। দলটির হয়ে ২০১০ ও ২০১১ সালে দুটি আইপিএল শিরোপা এবং ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জেতার গৌরব অর্জন করেন এই প্রোটিয়া তারকা।
৪৫ বছর বয়সী মরকেল চলতি বছরের জুলাইয়ে এসএ-২০ লিগে জোবার্গ সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব পান। সেখানে তিনি দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হন।
চেন্নাই সুপার কিংসে মরকেলের পাশাপাশি আরেক সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন গ্যারেথ ব্যাটি। এই দায়িত্ব নিতে তিনি সারের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
নতুন দায়িত্বে ফিরে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মরকেল ফ্র্যাঞ্চাইজির এক বিবৃতিতে বলেন, সুপার কিংস পরিবারের সঙ্গে আমার সম্পর্কটা অত্যন্ত বিশেষ। খেলোয়াড় হিসেবে খেলার দিনগুলো থেকেই স্টেডিয়ামের সমর্থকদের গর্জন ও হুইসেলের শব্দ এখনো আমার কানে বাজে। চেন্নাইয়ের হয়ে মাঠ ও মাঠের বাইরে অনেক সুন্দর স্মৃতি আছে আমার। তরুণ খেলোয়াড়দের সঙ্গে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত।
কোচিং স্টাফদের প্রথম বড় কাজ হবে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামের আগে খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) তালিকা চূড়ান্ত করা।
