নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কুচিয়ামোড় শাহপাড়া এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হাফিজার রহমান (৫২) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক জখম ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে সোমবার(২৬ অক্টোবর) নীলফামারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মৃত্যু তাহের ইসলাম এর ছেলে শাহিনুর রহমান (৪৫) ও তার দুই ছেলে সাগর ইসলাম (২২), সিয়াম (২৫) এবং নাহের আলীর ছেলে মাসুম ইসলাম (৩০)। তারা সকলেই ওই এলাকায় দীর্ঘদিন ধরে বড় ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের প্রভাবে এলাকার যুবসমাজ ও কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়ছে।
সোমবার সকালের দিকে অভিযুক্তরা প্রকাশ্যে মাদক বিক্রি করার সময় প্রতিবাদ করলে বিরোধ সৃষ্টি হয়। এসময় হাফিজার রহমান তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আসামিরা লাঠি-সোটা, লোহার রড ও ধারালো ছোড়া নিয়ে তার ওপর হামলা চালায় এবং শরীরে গুরুত্বর রক্তাক্ত জখম করে। আসামিদের হাতে থাকা ছোড়া দিয়ে তাহার মাথায় আঘাত করলে মাথায় মারাত্মক জখম হয় এবং তার পকেটে থাকা ব্যবসার ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিয়ে ঘটনাস্থলে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানায়, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
