ঘরের মাঠে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই টানা তিন জয়ে তারা স্বাগতিকরা ফাইনালে উঠেছে। দারুণ সময় কাটালেও ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন পাকিস্তানের কয়েকজন। তবে একজনের কপাল পুড়েছে, সিরিজের মাঝপথেই সাইম আইয়ুব স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
গত বছরের নভেম্বরে সর্বশেষ ওয়ানডেতে হাফসেঞ্চুরি করেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা)। এরপর ফরম্যাটটিতে খেলা ৫ ওয়ানডেতে তার মোট রান স্রেফ ৬০, গড় রান ১২। চলমান ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচেও সাইম আইয়ুব দুই অঙ্কের ঘর (৭, ৮ ও ৬) ছুঁতে পারেননি।
আরও পড়ুন
ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড ম্যাচের আগেরদিন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সাইমকে দল থেকে বাদ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে পিসিবি জানিয়েছে, প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে আলাপকালে আইয়ুব স্বীকার করেছেন যে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে তিনি বেশ ধুঁকছেন। নিজের ব্যাটিং ফর্ম ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
সাইম আইয়ুবের বদলে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও এখন পর্যন্ত ৬টি ওয়ানডে খেলা সাহিবজাদা ফারহানকে। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘জাতীয় নির্বাচক কমিটি সাইমের পরিবর্তে সাহিবজাদা ফারহানকে ত্রিদেশীয় সিরিজের বাকি অংশের জন্য দলে অন্তর্ভুক্ত করেছে।’

‘প্রধান কোচের সঙ্গে আলোচনার পর সাইম তার ব্যাটিং ফর্ম নিয়ে কাজ করতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। সাইমের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং তার বর্তমান ফর্ম সম্পর্কে তার সৎ মূল্যায়নকে গুরুত্ব দিয়ে, দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও জাতীয় নির্বাচক কমিটি যৌথভাবে তার এই অনুরোধ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
চলমান সিরিজে পাকিস্তানের স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলি আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), হারিস রউফ, হাসান নেওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত
এএইচএস
