সিলেটের কোম্পানীগঞ্জে পুকুর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল আহমদ (২৮) নামে তাঁর এক চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। হামলায় জাহাঙ্গীর আলম নামে আরও একজন আহত হয়েছেন।
আজ সোমবার ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তারের মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। আটক জুয়েল আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পুকুরের মালিকানা নিয়ে আক্তারের পরিবারের সঙ্গে তাঁর চাচা আব্দুল হালিমের ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার রাতে আক্তার ওই পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান। এ সময় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে আক্তার গুরুতর আহত হন। হামলায় জাহাঙ্গীর আলমও আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে আক্তারের মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর আলমও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গণি বলেন, পুকুর নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
