গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নওহাটা এমআরএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী মিয়া। স্বাগত বক্তব্য দেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এন নাইম, তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ।
এ ছাড়া বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল রোমান, লোহাচূড়া মাদ্রাসার অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান এবং গোবিন্দপুর আব্দুল হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন সরকারি মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সৌমজিৎ পাল ও তাফসিয়া তাহরিনা সাফা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য সচেষ্ট হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর মুকসুদপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫২ জন এবং দাখিল পরীক্ষায় মাদ্রাসা পর্যায়ে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মোট ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে উৎসাহিত করা এবং অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফলে অনুপ্রাণিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।
