কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর আরও একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। উদ্ধার হওয়া দেহাবশেষটি নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন জাহান মুক্তার বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে রিসোর্টটির ধ্বংসস্তূপের দ্বিতীয় তলা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
এর আগে, সোমবার (২৬ অক্টোবর) ডিএনএ পরীক্ষার মাধ্যমে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে ঢাকার দুটি পরিবারের সদস্যরাও ছিলেন। তবে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার ডিএনএর সঙ্গে উদ্ধার হওয়া কোনো মরদেহের নমুনার মিল পাওয়া যায়নি। এতে তাঁর পরিণতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
পরে মুক্তার সন্ধানে রিসোর্টের ধ্বংসস্তূপে আবারও সমন্বিত উদ্ধার অভিযান চালায় প্রশাসন। অভিযানে উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর বলে ধারণা করা হলেও পরিচয় নিশ্চিত করতে নতুন করে ডিএনএ পরীক্ষা করা হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত হলেও মুক্তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে তাঁকে খুঁজে বের করতে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া দেহাবশেষের ডিএনএ পরীক্ষা শেষে ফরেনসিক প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তার স্বামী ও সাবেক ছাত্রদল নেতা দেওয়ান ফয়সাল জানান, তিনি উদ্ধার হওয়া দেহাবশেষ দেখেছেন। গলায় থাকা স্বর্ণের চেইন দেখে তিনি এটিকে তাঁর স্ত্রী মুক্তার মরদেহ বলে শনাক্ত করেছেন বলে দাবি করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রিসোর্টের ধ্বংসস্তূপ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে নিখোঁজ মুক্তার সন্ধানে অভিযান চালানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্বিতীয় তলা থেকে কঙ্কালটি উদ্ধার করেন।
মামলার বিষয়ে ওসি জানান, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া পলাতক ও অজ্ঞাতপরিচয় আসামিদের গ্রেপ্তারে পুলিশ, সিআইডি ও এসআরবি কাজ করছে।
উদ্ধার হওয়া দেহাবশেষের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই স্কুলশিক্ষিকা মুক্তার পরিচয় সম্পর্কে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে।
The post টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর আরও একজনের দেহাবশেষ উদ্ধার appeared first on ভোরের চেতনা.
