Published on
:
2 min read
এই সময়, মালদা: ইংরেজবাজার শহরে টোটো চলাচলের ক্ষমতা রয়েছে তিন থেকে চার হাজার। অথচ সেখানে ২০ হাজারেরও বেশি টোটো চলছে। পাশাপাশি শহরজুড়ে যত্রতত্র দখল হয়ে রয়েছে ফুটপাথ। যার ফলে রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। তার সঙ্গে বেআইনি পার্কিংয়ের বিস্তর অভিযোগ রয়েছে। এই সব সমস্যার সমাধানে এগিয়ে এল জেলা পুলিশ, প্রশাসন এবং ইংরেজবাজার পুরসভা।
সোমবার দুপুরে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অম্লান ভাদুড়ি ও সদর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, ইংরেজবাজার থানার আইসি পঙ্কজ সিং-এর নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি দল শহরের বিভিন্ন রাস্তার যানজট ও বেআইনি পার্কিং ব্যবস্থা তদারকি করেন। ইংরেজবাজার শহরের নেতাজি সুভাষ রোড থেকে শুরু করে রবীন্দ্র অ্যাভেনিউ, রাজমহল রোড, রথবাড়ি এই সমস্ত ব্যস্তবহুল এলাকায় ফুটপাথ দখল, বেআইনি পার্কিং পরিস্থিতি দেখেই চরম অসন্তোষ প্রকাশ করেন পুরসভা ও প্রশাসনের কর্তারা। টোটোর দৌরাত্ম্য ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুরসভা এবং প্রশাসন। এদিন ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকার দুটি ফাঁকা জায়গাকে পার্কিং জোন হিসাবে চালু করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। এছাড়াও ফুটপাথের জবরদখল মুক্ত করে রাস্তার পরিধি বাড়ানোর ক্ষেত্রেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। এদিন ফুটপাথ দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তাঁদের ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থাও করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। মালদার সদর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার বলেন, ‘শহরের যানজট কমাতে টোটো চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট কয়েকটি পয়েন্ট তৈরি করা হবে। সেই পয়েন্ট ধরেই টোটো শহরে প্রবেশ করতে পারবে। এছাড়া শহরের মধ্যে দুটি পার্কিং জোন তৈরির পরিকল্পনা রয়েছে।’
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অম্লান ভাদুড়ি বলেন, ‘শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের যাতায়াতকে আরও সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
