ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না থাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ইটভাটা দুটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভাটা দুটির একাংশ ভেঙে দেওয়া হয়েছে এবং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার কুশুড়া ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মদিনা ব্রিকস ও সাজেদা ব্রিকসকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদের জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটা দুটির একাংশ ভেঙে দেওয়া হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্সের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইট প্রস্তুতসহ ভাটার কোনো কার্যক্রম পরিচালনা না করতে সতর্ক করা হয়। প্রশাসনের নির্দেশ অমান্য করে কার্যক্রম চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার বলেন, পরিবেশ সংরক্ষণে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইটভাটা ও ইট প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর আগেও উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার দুটি ইটভাটায় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রচলিত আইন অনুযায়ী প্রতিটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়া ইটভাটার কার্যক্রম পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কোনো ইটভাটা চালু রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
The post ধামরাইয়ে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় দুই ইটভাটাকে জরিমানা appeared first on ভোরের চেতনা.
