বক্স অফিসে নজর কাড়ছে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের নতুন ছবি ‘উড়তা তীর’। মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ২৭.৫৮ কোটি টাকার ব্যবসা করেছে এই স্পাই কমেডি। তবে আয়ুষ্মানের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং উইকএন্ডের রেকর্ড এখনও অধরা।
বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ছবিটির নেট আয় ১৯.৪৫ কোটি টাকা। শুক্রবার, মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৪.১০ কোটি টাকা। শনিবার সেই সংগ্রহ বেড়ে দাঁড়ায় ৭.২৫ কোটি টাকা। রবিবার তৃতীয় দিনে ছবিটির আয় হয়েছে ৮.১০ কোটি টাকা। সব মিলিয়ে ভারতে ছবিটির গ্রস আয় ২৩.০৮ কোটি টাকা।
তবে আয়ুষ্মানের আগের ছবিগুলির সঙ্গে তুলনা করলে ‘উড়তা তীর’-এর ওপেনিং উইকএন্ডের আয় এখনও বেশ কিছুটা পিছিয়ে। তাঁর ছবি ‘থাম্মা’ প্রথম তিন দিনে দেশে ৮৬.৮৯ কোটি টাকার গ্রস ব্যবসা করেছিল। অন্যদিকে, ‘ড্রিম গার্ল’ এবং ‘ড্রিম গার্ল ২’এর প্রথম সপ্তাহান্তের আয়ও অনেক বেশি ছিল। যদিও ‘পতি পত্নী অউর ওহ দো’-র ১৭.১৫ কোটি টাকার সংগ্রহকে ছাপিয়ে গিয়েছে নতুন ছবিটি।
আকাশ কৌশিক পরিচালিত এই ছবিতে আয়ুষ্মান ও সারা ছাড়াও অভিনয় করেছেন রাহুল বসু এবং মুকুল দেব। ছবির গল্প এক পাকিস্তানি গুপ্তচরকে ঘিরে, যে স্মৃতিশক্তি হারিয়ে নিজেকে ভারতীয় দেশপ্রেমিক বলে মনে করতে শুরু করে।
এবার দেখার, সপ্তাহের বাকি দিনগুলিতে বক্স অফিসে কতটা সাফল্য ধরে রাখতে পারে ‘উড়তা তীর’।
