অনুশ্রী বিশ্বাসছবি: Facebook
Published on
:
1 min read
নেটদুনিয়ায় ভীষণই জনপ্রিয় মুখ তিনি। লক্ষ লক্ষ ফলোয়ার্স অনুশ্রী বিশ্বাসের। সম্প্রতি দ্বিতীয় সন্তান প্রসবের পরেই অসুস্থ হয়ে পড়েছেন অনুশ্রী। খবর ছড়াতেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। এমনকী, অনেকেই হাসপাতালেও ফোন করে চলেছেন অনুশ্রীকে। পরিবারের তরফে তাঁর অসুস্থতার জন্য প্রার্থনার কথা বলা হলেও, সকলেই জানতে চেয়েছিলেন, ঠিক কী হয়েছে তাঁর?
স্বামীর কর্মসূত্রে দূরে থাকতে হয় অনুশ্রীকে। কয়েকমাস আগেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন তিনি। পুজোর আবহেই পরিবারের নতুন অতিথির সুখবর ভাগ করেন তিনি। গত শনিবার হাসপাতালে ভর্তি হন তিনি। সন্তান জন্মের পরেই অসুস্থ হয়ে পড়েন অনুশ্রী।
অনুশ্রীর স্বামী একটি ভিডিয়োয় বলেন, ‘তোমরা অনেকেই অনুশ্রীর ব্যাপারে জানতে চাইছ, ওর কী হয়েছে? কী বলব ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে। বলার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই। ও এখন আইসিইউতে ভর্তি আছে। কী হয়েছে না হয়েছে আমরাও সঠিক এখনও জানি না, ডাক্তার অবজারভেশনে রেখেছেন। কালকের থেকে এখন একটু ভালো আছে, চিকিৎসায় এখনও অবধি সাড়া দিচ্ছে। বাচ্চা ভালো আছে। যা হবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে সব জানাব। সবাই প্রার্থনা করো অনুশ্রী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে।’
প্রসঙ্গত, এর আগে অনুশ্রীর সোশ্যাল মিডিয়া থেকে একটি পোস্ট করা হয়। যে লেখা দেখে উদ্বিগ্ন হয়ে ওঠে অনুরাগীরা। পোস্টে লেখা হয়, ‘সবাই জানতে চাইছে কী হয়েছে। অনুশ্রী ভালো নেই। এর বেশি এখন বলার মতো অবস্থা আমাদের নেই। তাই প্লিজ় অযথা কেউ ফোন করবেন না।’