ডেঙ্গু মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থেকে গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর সমাধান উদ্ভাবনের ওপর জোর দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে ওলবাকিয়া-ভিত্তিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ফকির মাহবুব আনাম বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ডেঙ্গু একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঢাকার মতো জনবহুল শহরের বিভিন্ন এলাকা ও হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই দীর্ঘসূত্রতা না করে দ্রুত মাঠপর্যায়ে নেমে ডেঙ্গু প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বাস্তবভিত্তিক পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধানের পথ তৈরি করা সম্ভব।
মন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের সভা-সেমিনার ও পডকাস্টের আলোচনায় সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তিনি প্রস্তুত রয়েছেন। প্রয়োজনে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে।
বিজ্ঞানীদের উদ্দেশে মন্ত্রী বলেন, গবেষণার পাশাপাশি বাস্তবভিত্তিক ও কার্যকর পদ্ধতিতে জনস্বাস্থ্যের এ সংকটের দ্রুত সমাধানে এগিয়ে আসতে হবে।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতা এবং সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় একক প্রচেষ্টার চেয়ে সম্মিলিতভাবে কাজ করা বেশি জরুরি।
আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং বক্তব্য দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি, জেনেটিক্স অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝিয়াওং শি এবং সিমবায়োসি এসইএর প্রধান নির্বাহী ডেভিড কুয়েক ইয়ং কি বক্তব্য দেন।
সভায় ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক প্রযুক্তির প্রয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
The post ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর appeared first on ভোরের চেতনা.
