বলিউডের জনপ্রিয় সিনেমা ‘গজনি’তে আমির খানের নায়িকা হয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী অসিন। একসময় দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউডে দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী এখন অভিনয়জগৎ থেকে অনেকটাই দূরে। আজ ২৬ অক্টোবর তাঁর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে ভারতের কেরালার কোচিতে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসাবে আজ ৪১ বছরে পা দিলেন অসিন।
অসিন থোট্টুমকলের অভিনয়জীবন শুরু হয়েছিল দক্ষিণ ভারতীয় সিনেমার মাধ্যমে। মালয়ালম, তেলেগু ও তামিল ছবিতে অভিনয় করে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরে বলিউডে পা রেখে নিজের অভিনয়দক্ষতা দিয়ে জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে।
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘গজনি’ সিনেমা অসিনের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। আমির খানের বিপরীতে কল্পনা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। সিনেমাটি বক্স অফিসেও দারুণ সাফল্য অর্জন করে। এরপর সালমান খানের সঙ্গে ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ২’ এবং অভিষেক বচ্চনের সঙ্গে ‘বোল বচ্চন’ সিনেমায় অভিনয় করেন তিনি।
ক্যারিয়ারের সাফল্যের মধ্যেই অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অসিন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অল ইজ ওয়েল’ তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা।
২০১৬ সালে ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেন এই অভিনেত্রী। রাহুল শর্মা ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা। বিয়ের পর থেকে সংসার ও পরিবারকে বেশি সময় দিচ্ছেন অসিন। ২০১৭ সালে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান।
বর্তমানে অসিন নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর উপস্থিতি সীমিত। তাই নতুন সিনেমায় তাঁকে না দেখা গেলেও ভক্তদের কাছে এখনো বিশেষ জায়গা দখল করে আছে তাঁর অভিনীত ‘গজনি’।
জন্মদিনে পুরোনো সেই সিনেমার স্মৃতির মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। পর্দা থেকে দূরে থাকলেও দর্শকের মনে অসিনের পরিচিতি এখনো অমলিন।
