সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় এখনো অপেক্ষায় বিচারপ্রক্রিয়া
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
সাংবাদিক দম্পতি সাগর -রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চপর্যায়ের টাস্কফোর্স। আদালতের কাছ থেকে পাওয়া তথ্য গভীরভাবে যাচাই-বাছাইয়ের কাজ চলমান থাকায় নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে তদন্ত দলটি।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইকোর্টে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে আগের দিনই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করে টাস্কফোর্স। তাদের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনেও সময় চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করে।
তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েক দফায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। মামলাটি পুনরায় হাইকোর্টের কার্যতালিকায় ওঠার পরও তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের বিষয়টি সামনে আসে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় বিচারপ্রক্রিয়া এখনো অপেক্ষায় রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
