নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মোজাফফর টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ইজিবাইক ওই যুবককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ঘাতক ইজিবাইক বা এর চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
