ঢাকার কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং সংরক্ষণের দায়ে ‘কুসুম বেকারি অ্যান্ড কোম্পানি’কে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নিরাপদ খাদ্য আইনে এ জরিমানা পরিচালনা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম কালিন্দীর ব্রাহ্মণকিত্তা এলাকায় অবস্থিত ওই বেকারিটিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকালে বেকারিটির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও বিভিন্ন যন্ত্রপাতিতে পুরু ময়লার স্তর জমে থাকতে দেখা যায়। এছাড়া ফ্রিজে বাণিজ্যিক কেকের পাশাপাশি কাঁচা মাংস সংরক্ষণ করা হচ্ছিল। কোনো ধরনের লেবেল বা উৎপাদনের তারিখ ছাড়াই বিভিন্ন রকমের কেক, বিস্কুট ও খাদ্য উপকরণ সংরক্ষণের প্রমাণ পান আদালত।
একই সঙ্গে বেকারি কর্তৃপক্ষ হালনাগাদ ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্র এবং পানি পরীক্ষার কোনো সনদ দেখাতে ব্যর্থ হয়।
প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এসব অপরাধ স্বীকার করায় ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী বেকারিটিকে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআই/ওয়াইএই