বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাঙ্গুনিয়ায় প্রথম সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলায় জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় ফেস্টুন হাতে শত শত নেতাকর্মী বিভিন্ন স্লোগান দেন। ‘তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শপথ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সহসভাপতি ইউসুফ চৌধুরী ও সাবের সুলতান কাজল এবং সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
