ঢাকা, ১৪ নভেম্বর – দেশের চিকিৎসকদের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, দেশের চিকিৎসাব্যবস্থায় তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এ দেশের চিকিৎসকরা যেকোনো দেশের চিকিৎসকদের তুলনায় কোনো অংশে কম নন।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নিজের চিকিৎসার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মির্জা আব্বাস বলেন, অতীতে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছিল, নিজে থেকে যাননি। সেকথা স্মরণ করে তিনি বলেন, “আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে। দেড় মাস আমি অজ্ঞান ছিলাম। যখন জ্ঞান হলো, আর থাকতে চাইনি। আমি বলেছি, আমাকে দেশে নিয়ে যাও।”
তিনি আরও উল্লেখ করেন যে, অনেক সময় সঠিক সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে দেশের হাসপাতালেই বিশ্বমানের চিকিৎসা সেবা পাওয়া সম্ভব।
সেমিনারে চিকিৎসকদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদার ওপর জোর দিয়ে মির্জা আব্বাস বলেন, একজন চিকিৎসক তাঁর নিজ পরিচয়েই পরিচিত হবেন। অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকরা তাঁদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে প্রয়োগ করতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সব ধরনের রাজনীতির প্রভাবমুক্ত থাকা এবং সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য বিশেষ আহ্বান জানান।
