নীলফামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে র্যালিটি বের করা হয়। এতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের সদস্যসচিব রাশেদ রেজা উদ দৌলা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সর্বদা দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশনেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং জাতীয়তাবাদী শক্তির মূল ভিত্তি হিসেবে যুবদলকে যেকোনো ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থেকে আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমের আদর্শ ধারণ করে নীলফামারী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক, ভারপ্রাপ্ত সদস্যসচিব তরিকুল ইসলাম খান লোহানী, পৌর যুবদলের হাসানুজ্জামান তৌহিদ, পৌর যুবদলের সদস্যসচিব আবু সাঈদ বাবু এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম মেজবা (রিতু)।
র্যালি ও আলোচনা সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
