গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আবদুল্লাহ আল আরাফ (২) ও মিফতাহুল জান্নাত (২) নামে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল আশরাফুলের মেয়ে। তারা একই দিনে জন্মগ্রহণ করেছিল বলে জানা গেছে। একই দিনেই তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আরাফ ও মিফতাহুল পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করতে গিয়ে ডোবার পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
