নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন চিকিৎসাসেবা দেওয়ায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৫-এর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা এবং দুই প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এসআরবি-৫ রাজশাহী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলায় পরিচালিত এসব অভিযানে লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির বিষয়টি উঠে আসে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি গোয়েন্দা দল কয়েক দিন ধরে মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত হাসপাতাল, হোমিও হল ও অন্যান্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত তথ্য অনুসন্ধান করে। অনুসন্ধানে তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই সব প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ফাতেমা হোমিও হল নামের প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া রোগী দেখা ও ওষুধ বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক মো. ফারুক হোসেনকে (৩২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাড়ি মহাদেবপুর উপজেলার কুঞ্জবন এলাকায়। অপর অভিযানে উপজেলার লিচুবাগান এলাকার স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকার অভিযোগে মালিক মো. মাসুম আলীকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফাইভ স্টার মেডিকেল সেন্টার নামের প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকায় মালিক মো. বেদারুল ইসলামকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাড়ি মান্দা উপজেলার কুশল এলাকায়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯ ধারায় মামলা করা হয়েছে।
অভিযানে তিনটি প্রতিষ্ঠানের ওপর আরোপিত জরিমানার মোট ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং লাইসেন্সবিহীন চিকিৎসাসেবা দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
