জাপানের চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা পরিচালিত স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এ পরিদর্শন জাপান সফরের নির্ধারিত কর্মসূচির অংশ। সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। জাপানের জ্বালানি অবকাঠামো সরেজমিনে দেখার মাধ্যমে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস ব্যবস্থাপনা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী সফরসঙ্গী হিসেবে ছিলেন।
প্রধানমন্ত্রীর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
জ্বালানি খাত বাংলাদেশের অর্থনীতি ও শিল্পায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ এবং ভবিষ্যতের চাহিদা পূরণে কার্যকর অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতার বিষয়ও গুরুত্ব পাচ্ছে। সফরের অংশ হিসেবে জ্বালানি স্থাপনা পরিদর্শন দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।
-20261027075540.jpg&w=1440&q=75)