রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও প্রকাশের অভিযোগে তিনটি পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় ভিডিও প্রকাশের অভিযোগে অভিযুক্ত সৌরভ চন্দ্র মহন্ত (২২) এবং হামলার ঘটনায় অভিযুক্ত শফিকুর ইসলাম আরিফকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের চক করিম (তেলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চক করিম তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও প্রকাশের অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে উত্তেজিত একদল লোক তিনটি পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় তিনটি ছাগল ও আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ক্ষতিগ্রস্তরা।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় সৌরভের বাবা বিশু চন্দ্র মহন্ত বাদী হয়ে একটি মামলা করেছেন।
অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বাদী হয়ে পৃথক আরেকটি মামলা করেছেন।
পুলিশ জানায়, ধর্ম অবমাননার অভিযোগে সৌরভ চন্দ্র মহন্তকে বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত শফিকুর ইসলাম আরিফকে সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, এখন পর্যন্ত আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে হামলা ও ভাঙচুরের ঘটনার খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক। এসময় তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে বাড়িঘর ভাঙচুর করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়া এবং এ অভিযোগে আবার কারো বাড়িঘরে হামলা ও ভাঙচুর করাও অপরাধ। এসব ঘটনায় আমরা কাউকে ছাড় দেব না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ
