ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী 'মহানগর এক্সপ্রেস' সোমবার (২৬ অক্টোবর) থেকে ফেনী রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি শুরু করতে যাচ্ছে। নতুন এই যাত্রাবিরতির প্রথম দিনেই ট্রেনে চড়ে ফেনী আসছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুমন দাস স্বাক্ষরিত এক সফরসূচিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনে চেপে ফেনীর উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টায় ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছে উপস্থিত যাত্রীদের সঙ্গে সৌজন্য ও মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এ সময় ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক উপস্থিত থাকবেন। মতবিনিময় শেষে রাতে ফেনীতে অবস্থান করে মঙ্গলবার সকালে সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
এদিকে মহানগর এক্সপ্রেসের নতুন এই যাত্রাবিরতিকে কেন্দ্র করে স্থানীয় যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শনিবার সকালে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই ২৬ ও ২৭ অক্টোবরের ফেনী স্টেশন থেকে ছাড়ার সব টিকিট শেষ হয়ে যায়।
নতুন এই যাত্রাবিরতি চালুর ফলে ঢাকা ও কক্সবাজারের সঙ্গে ফেনীর রেল যোগাযোগ আরও সহজ ও আরামদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর
