শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী বলেছেন, “শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকেও যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না। শিক্ষার উন্নয়নে নেওয়া সব উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা এতে অংশ নেন। সভায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন শিক্ষকরা।
শিক্ষকদের বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী বলেন, “শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বাড়ানো হবে। শিক্ষকরা যাতে তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা পান, সে জন্য উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থাও নেওয়া হবে।”
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে তাতে অংশ নিতে পারে।”
মতবিনিময় সভায় শিক্ষকরা বিদ্যালয়ের ক্লাসের সময়সূচি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেন। এ সময়সূচির সঙ্গে সমন্বয় করে মধ্যাহ্ন বিরতি বাতিল এবং শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর দাবি জানান তারা। তাদের মতে, মিড ডে মিল চালু হলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতিও বাড়বে।
শিক্ষক-শিক্ষার্থী অনুপাত যথাযথ না হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ জানান শিক্ষকরা। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিখন অগ্রগতি ও শৃঙ্খলা নিশ্চিতে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের প্রস্তাব দেন তারা।
মতবিনিময় সভায় উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন
এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন নির্ধারণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে অর্থ বরাদ্দের প্রস্তাব দেন শিক্ষকরা।
বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুরক্ষায় বাউন্ডারি নির্মাণ এবং আধুনিক পাঠদানের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করার দাবিও জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং গণসংহতি আন্দোলনের উপজেলা সমন্বয়ক শামীম শিবলী প্রমুখ।
