দেশের সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোতে প্রশাসনিক গতিশীলতা আনতে একযোগে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সোমবার (২৬ অক্টোবর) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা জনস্বার্থে কার্যকর করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারিকৃত এই আদেশে সই করেছেন উপসচিব (রজিস্ট্রেশন) মো. মাসুদ আলী। প্রজ্ঞাপনে জানানো হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে এসব কর্মকর্তাকে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। একই সঙ্গে তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
