‘ক্ষমতা হাতে গেলে কী করবেন?’ জামায়াতকে প্রশ্ন তাসনিম জারার
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। সোমবার সকালে নিজের..............
বাংলাদেশ
জার্নাল ডেস্কমানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির কঠোর সমালোচনা করে প্রশ্ন তোলেন, বিরোধী দলে থাকতেই যারা এমন আচরণ করছে, রাষ্ট্রের সব ক্ষমতা হাতে পেলে তারা কী করবে।
তাসনিম জারা তাঁর পোস্টে জানান, ৮৭ বছর বয়সী মানিক পশারী শনিবার সকালে মারা যাওয়ার পর স্থানীয় জামায়াত নেতাকর্মীরা মাইকে ও ফেসবুকে ঘোষণা দিয়ে তাঁকে পিরোজপুরে দাফন করতে বাধা দেয়। এমনকি তাঁর জন্য খোঁড়া প্রথম কবরটিও ভরাট করে ফেলা হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, মৃত ব্যক্তির দাফনে কাউকে না পেয়ে তাঁর মেয়ে ও বৃদ্ধা বোনেরা বাধ্য হয়ে কোদাল হাতে নতুন কবর খুঁড়ে মাঝরাতে পুলিশ পাহারায় দাফন সম্পন্ন করেন।
জামায়াতের দ্বৈতনীতির সমালোচনা করে এই সাবেক এনসিপি নেত্রী লেখেন, জামায়াত নিজেদের নেতাদের ক্ষেত্রে ন্যায়বিচার ও মানবাধিকারের কথা বললেও অন্যদের ক্ষেত্রে তা মানতে নারাজ। পিরোজপুর জেলা জামায়াতের এক নেতার মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যা দেওয়ার প্রসঙ্গে তাসনিম বলেন, একাত্তরে যে দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ঠিক করে দিতে চাইছে কে মুক্তিযোদ্ধা আর কে ভুয়া। কোনো ব্যক্তি মুক্তিযোদ্ধা কি না, তা যাচাইয়ের জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠান ও আদালত থাকলেও জামায়াত মাইক হাতে দাফন ঠেকিয়ে নিজেরাই এর মীমাংসা করতে চাইছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি জোট করায় দলটির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ