বাগেরহাটের চিতলমারীতে শ্রমিক নেতা ফজল উদ্দিন খানের অনিয়ম ও দুর্নীতর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইজি বাইক চালকরা। ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া ইজিবাইক শ্রমিকরা ফজল উদ্দিন খানের অনিয়মের বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ইজিবাইক চালক সাঈদুর রহমান, এসকে ইমরানসহ অনেকে জানান, শ্রমিক নেতা ফজল উদ্দিন খান তাদের কাছ থেকে অফিস খরচের নাম করে প্রতি মাসে ১০০ টাকা করে চাঁদা নেন। এছাড়া রাতে থানায় ডিউটির নাম করে ইজিবাইক চালকদের কাছ থেকে ৪০০ টাকা করে অর্থ আদায় করেন বলে অভিযোগ তোলেন। উপজেলায় কয়েক শত ইজিবাইজ চালক রয়েছে। এতে প্রতি মাসে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা তোলা হয় বলেও তারা দাবি করেন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ বিষয়ে বাগেরহাট অটোরিক্সা অটোটেম্পু ও মাহেন্দ্র মালিক সমিটির সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন শেখ জানান, ফজল উদ্দিন খান অনিয়মের মাধ্যমে ইজিবাইক চালকদের কাছ থেকে বিভিন্ন উপায়ে চাঁদা আদায় করে আসছেন। তিনি একটি ভুঁয়া কমিটির মাধ্যমে বছরের পর বছর শ্রমিক ইউনিয়নের সভাপতির পদ দখল করে আছেন। নিয়ম অনুযায়ী কমিটির নির্বাচন ও কার্যক্রম পরিচালনা করেন না বলেও অভিযোগ করেন তিনি। তার অনিয়মের বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে বাগেরহাট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজল উদ্দিন খান তার বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটি অস্বীকার করেন। বর্তমানে তিনি ইজিবাইক চালকদের কাছ থেকে কোন টাকা তোলেন না বলে দাবি করেন।
