
তালতলীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাঈম আহমেদের গণসংযোগ ও পথসভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা নাঈম আহমেদ হাওলাদার গণসংযোগ ও পথসভা করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ চালান তিনি। গণসংযোগ শেষে স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘদিন ধরে এলাকায় নাঈম আহমেদের নানামুখী সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মাঝে তাঁকে ঘিরে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
পথসভার পূর্বে বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে মতবিনিময়কালে নাঈম আহমেদ সাধারণ মানুষের দীর্ঘদিনের সুখ-দুঃখের কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নাঈম আহমেদ হাওলাদার বলেন, “জনগণের ভোটাধিকার ও নায্য পাওনা নিশ্চিত করতে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে নিশানবাড়িয়া ইউনিয়নের অবহেলিত প্রতিটি জনপদের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করব। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি এই ইউনিয়নকে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও আধুনিক ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান সুমন, প্রাক্তন আহ্বায়ক রুহুল আমিন হোসেন রোমান, তালতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, কলেজ ছাত্রদলের প্রাক্তন ভারপ্রাপ্ত আহ্বায়ক বশির উদ্দিন এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক তামিম হাসান রানা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মনির গাজি, সুলতানা সিকদার, পনু ঘড়ামীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
