নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানজিদ মৃধা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। ছবি: খবরের কাগজ
-->চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানজিদ মৃধাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে আশ্বিনপুর মাদরাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তানজিদ মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ আরও দুই নেতা ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তারা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনার ঝড় বইছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, আটকের সময় তানজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ ছাড়া গত ৫ আগস্টের পর থেকে তিনি সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তী সময়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাকে নিয়ে যান। তবে তানজিদ যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে আমরা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে।’
অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল বলেন, ‘নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়টি সত্য হয়ে থাকলে আবুল কালাম আজাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
শাহাদাত হোসেন/অলি/
